কুমারঘাট: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের আগে এলাকার দীর্ঘদিনের সমস্যার সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন ফটিকরায়ের ডেমডুম এডিসি ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের রবিধন পাড়ার বাসিন্দারা। আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই বিদ্যুৎ, রাস্তাঘাটসহ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানের দাবি তুলেছেন এলাকার মানুষ।স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিধন পাড়ায় প্রায় ৩৫টি পরিবারের বসবাস। দীর্ঘ বছর ধরে বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থার সমস্যায় ভুগছেন তারা। অসুস্থ রোগী, স্কুলপড়ুয়া থেকে শুরু করে প্রতিদিন বাজারে যাতায়াতকারী—সকলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ।বাসিন্দাদের অভিযোগ, সমস্যাগুলি জানিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভোটের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোট শেষ হওয়ার পর আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।অভিযোগের কথা জানতে পেরে কুমারঘাট মহকুমার বিদ্যুৎ দপ্তরের এজিএম, কাঞ্চনবাড়ি বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার এবং পূর্ত দপ্তরের কুমারঘাট ডিভিশনের অধীন গঙ্গানগর PWD দপ্তরের SDO-সহ কয়েকজন সমাজসেবী রবিধন পাড়ায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যাগুলি শোনেন।এদিকে, এলাকায় থাকা একমাত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা নিয়েও অসন্তোষ রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। ফলে নির্বাচন সামনে রেখে রবিধন পাড়ার মানুষের এই ক্ষোভ শেষ পর্যন্ত কীভাবে মেটে, এখন সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।
ভোটের আগে দাবি পূরণ না হলে বয়কট! ফটিকরায়ের রবিধন পাড়ায় ক্ষোভ
