কৈলাসহর: গণেশ পূজা উপলক্ষে আয়োজিত গানের অনুষ্ঠান দেখতে গিয়ে এক যুবককে প্রকাশ্য রাস্তায় মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও এখনও অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেজিস্ট্রি হয়নি বলে অভিযোগ করেছেন আহত যুবকের মা বিল্ব রানী সরকার।ঘটনাটি ঘটে গত ২০ সেপ্টেম্বর রাতে, কৈলাসহর শহরের মূল রাজপথের নেতাজী কর্নার এলাকায়। সেখানে গণেশ পূজা উপলক্ষে গানের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। অভিযোগ, সেই ভিড়ের মধ্যেই গোবিন্দপুর এলাকার বাসিন্দা অমিত সরকারকে কয়েকজন যুবক হঠাৎ মারধর শুরু করে। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে অভিযুক্তরা চলে যায়।পরিবারের সদস্যরা প্রথমে অমিতকে কৈলাসহরের আরজিএম হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অমিত। তবে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করেছেন বলে জানান তাঁর মা।বিল্ব রানী সরকারের অভিযোগ, হামলায় অমিতের মাথা ফেটে যায় এবং বুকে গুরুতর আঘাত লাগে। ঘটনার পর তিনি কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগের তিনদিন পরও মামলা রেজিস্ট্রি করা হয়নি বলে তাঁর দাবি। এমনকি পুলিশ হাসপাতালে গিয়ে আহত অমিতের খোঁজও নেয়নি বলে অভিযোগ করেন তিনি।অভিযোগকারিণীর আরও দাবি, হামলাকারীদের নাম-পরিচয় উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা বা তাদের বাড়িতে যাওয়ারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টো মামলা প্রত্যাহারের জন্য তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন বিল্ব রানী সরকার।ছেলের উন্নত চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন হলেও আর্থিক সমস্যার কারণে তাঁকে আগরতলায় নিয়ে যেতে পারছেন না বলেও জানান অসহায় মা। তাঁর অভিযোগ, প্রতিদিন থানায় গিয়ে ওসি তাপস মালাকার-এর কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তাঁকে বিভিন্ন অজুহাত দেখিয়ে থানা থেকে বের করে দেওয়া হচ্ছে।ঘটনার পর তিনদিন কেটে গেলেও মামলা রেজিস্ট্রি ও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না হওয়ায় কৈলাসহরে ক্ষোভ তৈরি হয়েছে বলে স্থানীয়দের একাংশের দাবি। যদিও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।
গানের অনুষ্ঠানে যুবককে পিটিয়ে রক্তাক্ত! ৩ দিনেও মামলা নয়, থানায় ছুটছেন অসহায় মা
