Headlines

পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তায় কড়া শ্রম দফতর, ইটভাটা মালিকদের সঙ্গে বৈঠক

আগরতলা: শীতের মরশুমে ত্রিপুরার বিভিন্ন ইটভাটায় আসতে চলা পরিযায়ী শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং শ্রম আইন মেনে কর্মসংস্থান নিশ্চিত করতে ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করল শ্রম দফতর।বৃহস্পতিবার শ্রম দফতরের মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের পাশাপাশি ব্রিক কিলন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল, যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এবং চিফ ইনস্পেক্টর অব ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লারস সূর্য পাল মজুমদার।বৈঠক শেষে শ্রম কমিশনার বিশ্বজিৎ পাল জানান, প্রতিবছরের মতো এবারও শীতের মরশুমে বিভিন্ন ইটভাটায় পরিযায়ী শ্রমিক আসার সম্ভাবনা রয়েছে। তাই শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর তাঁদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, পরিচয়পত্র প্রদান এবং শ্রমিকদের রেজিস্টার সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। আবাসন এলাকায় পর্যাপ্ত শৌচাগার, মহিলা শ্রমিকদের জন্য পৃথক শৌচাগার এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।পরিযায়ী শ্রমিকদের সঙ্গে আসা শিশু ও কিশোর-কিশোরীদের নিরাপত্তার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। শিশুদের ইটভাটার কর্মস্থলে প্রবেশ করতে না দেওয়ার জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। কর্মস্থল থেকে পৃথক নিরাপদ জায়গা নির্দিষ্ট করে সেখানে শিশুদের খেলাধুলা ও সময় কাটানোর ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়। এতে কর্মস্থলে শিশুদের দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে জানানো হয়।এছাড়াও শ্রমিক নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচলিত শ্রম আইন অনুযায়ী সমস্ত বিধিবদ্ধ ব্যবস্থা যথাযথভাবে পালন করার জন্য ইটভাটা মালিকদের আহ্বান জানানো হয়েছে।শ্রম দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিক সংক্রান্ত বিষয়ে ইটভাটা মালিক বা উদ্যোক্তাদের কোনও সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার শ্রম দফতরের আধিকারিক ও পরিদর্শকরা প্রয়োজনীয় সহায়তা করবেন। শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ইটভাটা শিল্পের কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেদিকেও প্রশাসনের সহযোগিতা থাকবে বলে বৈঠকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *