Headlines

গাছ কাটা ঘিরে বনকর্মী-গ্রামবাসী সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগ! নকুলপাড়ায় জাতীয় সড়ক অবরোধ

আমবাসা, ২৫ সেপ্টেম্বর: জঙ্গলে গাছ কাটা নিয়ে বনদপ্তরের কর্মী ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে আমবাসার কাঁঠালবাড়ি সংলগ্ন নকুলপাড়া এলাকায়। ঘটনায় এক বনকর্মী আহত হওয়ার পাশাপাশি বনদপ্তরের পক্ষ থেকে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, আসাম-আগরতলা জাতীয় সড়কের কাঁঠালবাড়ি এলাকার নকুলপাড়ায় কয়েকজন গ্রামবাসী জঙ্গলে গাছ কাটছিলেন। খবর পেয়ে ডিএফও এবং আমবাসা বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটতে বাধা দেন। এরপরই বনকর্মী ও গ্রামবাসীদের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ।গ্রামবাসীদের অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বনদপ্তরের পক্ষ থেকে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে চিরঞ্জিত দেববর্মা নামে এক বনকর্মী আহত হন বলে জানা গেছে। পরে আহত বনকর্মীকে কুলাই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা নকুলপাড়া এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে আমবাসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে নিজেদের দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা।গ্রামবাসীদের দাবি, এলাকায় কাজ ও উপার্জনের পর্যাপ্ত সুযোগ নেই। তাই গাছ বিক্রি করেই তারা সংসার চালান। তাদের এই কাজ বন্ধ করতে হলে প্রত্যেক পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় গাছ কাটার কাজে বাধা দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।এদিকে, অভিযোগ অনুযায়ী, একাধিকবার আমবাসা মহকুমার এসডিএফও-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ঘটনাস্থলে যাননি। বনদপ্তরের অন্যান্য আধিকারিকদেরও ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ বিক্ষোভকারীদের। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। বিশেষ করে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রয়েছে। গুলি চালানোর অভিযোগ এবং সংঘর্ষের প্রকৃত কারণ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *