দুর্গাপূজার প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগোল কৈলাসহর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁধের রাস্তা। মন্ত্রী টিংকু রায়ের আশ্বাসের পর অবশেষে শুরু হয়েছে রাস্তার ইট সলিংয়ের কাজ। কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, পুজোর আগেই কাজ শেষ হলে উৎসবের সময় যাতায়াতে অনেকটাই স্বস্তি ফিরবে।জানা গেছে, গত ১২ আগস্ট ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের কাছে বাঁধের রাস্তাটি ইট সলিং করার দাবি জানান। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মন্ত্রী নিজে জেলাশাসক মেঘা জৈনকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন। সেই সময় দুর্গাপূজার আগেই রাস্তার ইট সলিংয়ের কাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন তিনি।এরপর প্রায় এক মাসের মধ্যেই সেই আশ্বাস বাস্তবায়নের পথে। গত কয়েকদিন ধরে বাঁধের রাস্তায় ইট সলিংয়ের কাজ চলছে। দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগে স্বাভাবিকভাবেই উৎসাহ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্ধার্থ রায় সহ স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, দুর্গাপূজার আগে রাস্তার কাজ সম্পূর্ণ হলে সাধারণ মানুষের পাশাপাশি উৎসব উপলক্ষে যাতায়াতকারী মানুষজনও উপকৃত হবেন। দীর্ঘদিনের দাবি পূরণে মন্ত্রীর উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।
কথা রাখলেন মন্ত্রী টিংকু রায়, দুর্গাপূজার আগেই কৈলাসহরে বাঁধের রাস্তার ইট সলিং শুরু
