সাব্রুমের ছোটখীল এলাকায় লীলাগড় চা বাগানের একাংশ শ্রমিকের বিরুদ্ধে প্রায় ৮০টি পরিবারের বাড়িঘর ও বাগান ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, হামলায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি রাবার ও পেঁপে বাগানেও ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তার দাবিতে ছুটে সাব্রুম থানায় আশ্রয় নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং পরিস্থিতি বর্তমানে থমথমে।আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ, লীলাগড় চা বাগানের ভারপ্রাপ্ত ম্যানেজার জীবন রায়ের নেতৃত্বে বাগানের একাংশ শ্রমিক এই ভাঙচুর চালিয়েছেন। যদিও অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এদিকে, বসবাসের জমি নিয়ে আরও গুরুতর অভিযোগ তুলেছেন পরিবারগুলি। তাঁদের দাবি, বর্তমানে যে এলাকায় তাঁরা বসবাস করছেন, সেখানে থাকার সুযোগ করে দেওয়ার কথা বলে প্রাক্তন শ্রমিক সর্দার লক্ষণ সিং বিভিন্ন সময়ে ওই পরিবারগুলোর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা নিয়েছেন। এই অভিযোগেরও তদন্ত দাবি করেছেন তাঁরা।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেজন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং আক্রান্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
সাব্রুমের ছোটখীলে তাণ্ডব! ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তার দাবিতে থানায় ৮০ পরিবার
