যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকায় এক ডিআইবি কনস্টেবলের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশকর্মী হিসেবে নাম উঠে এসেছে বিকাশ দেবনাথের। অভিযোগ, এক স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে দামি কাঠের খাট দাবি করে তা না দিলে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়েছে।অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করলেও সম্প্রতি ডিআইবি কনস্টেবল বিকাশ দেবনাথ তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করছেন। অভিযোগ অনুযায়ী, ওই পুলিশকর্মী তাঁর কাছে একটি দামি কাঠের খাট দাবি করেন। সেই দাবি পূরণে অস্বীকার করতেই তাঁকে দেখে নেওয়ার পাশাপাশি NDPS মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।শুধু তাই নয়, খাট না দিলে তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো এবং সামাজিকভাবে হেয় করার ভয়ও দেখানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীর। তাঁর দাবি, ইতিমধ্যেই তাঁকে ঘিরে নানা ধরনের ভিত্তিহীন রটনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।ঘটনায় আতঙ্কিত ওই ব্যবসায়ী সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানান এবং অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।একজন পুলিশকর্মীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ঘিরে এলাকায়ও চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। অভিযুক্ত পুলিশকর্মীর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।
খাট না দেওয়ায় NDPS মামলায় ফাঁসানোর হুমকি! যাত্রাপুরের পুলিশকর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ
