Headlines

৩৭ পড়ুয়ার হাতে কম্পিউটার শিক্ষার সুযোগ, উদ্যোগ ১২৪ বিএন সিআরপিএফের

আগরতলা: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিল ১২৪ বিএন সিআরপিএফ। সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২৬-২৭-এর আওতায় ‘দ্য কম্পিউটার পয়েন্ট’-এর সহযোগিতায় শুরু হয়েছে বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি। এই কর্মসূচিতে দশম ও দ্বাদশ শ্রেণির মোট ৩৭ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে।সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়, পড়ুয়াদের কম্পিউটারের প্রাথমিক বিষয়গুলিতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের জন্য প্রযুক্তিগত শিক্ষার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে ১২৪ বিএন সিআরপিএফ-এর দ্বিতীয় কমান্ড্যান্ট শচীদানন্দ মিশ্র বলেন, শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকেও গুরুত্ব দেয় সিআরপিএফ। এর আগে পড়ুয়াদের শিক্ষাসামগ্রী, ক্রীড়া সরঞ্জাম বিতরণ এবং স্বাস্থ্য শিবিরসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।‘দ্য কম্পিউটার পয়েন্ট’-এর কর্ণধার ধনঞ্জয় ভট্টাচার্যী জানান, বর্তমান সময়ে শিক্ষার পাশাপাশি কম্পিউটার জ্ঞানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক সীমাবদ্ধতার কারণে যেসব পড়ুয়া প্রযুক্তিগত শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে, এই উদ্যোগ তাদের সেই সুযোগ করে দেবে।সিআরপিএফ ও ‘দ্য কম্পিউটার পয়েন্ট’-এর যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে পড়ুয়াদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্টদের আশা, প্রশিক্ষণের মাধ্যমে ৩৭ জন পড়ুয়া নিজেদের প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *