ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ওয়াটলক টুইথু অভিচরণ সার্কেলের অন্তর্গত কুলিবাড়ি ইংলিশ মিডিয়াম জে বি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের সময়মতো বিদ্যালয়ে না আসার অভিযোগ উঠেছে। অভিযোগ, দিনের পর দিন এমন পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন।স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে অনেক সময় ছাত্রছাত্রী ও অভিভাবকদের অপেক্ষা করতে হচ্ছে। আবার কোনো কোনো শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগও উঠেছে। এর ফলে প্রত্যন্ত এলাকার জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার উপর প্রভাব পড়ছে বলে অভিযোগ।উল্লেখ্য, কয়েক মাস আগে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের আধিকারিক ও শিক্ষা দপ্তরের কর্মকর্তারা বিদ্যালয়টি পরিদর্শন করেছিলেন। সেই সময় পঠনপাঠন-সহ একাধিক ক্ষেত্রে খামতি নজরে আসে বলে জানা যায়। বিষয়গুলি দ্রুত সমাধানের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও গুরুত্ব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।তবে এর পরেও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি নিয়ে ফের অভিযোগ ওঠায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের বক্তব্য তুলে ধরেন। তাঁদের বক্তব্যও এই ঘটনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কুলিবাড়ি স্কুলে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ, প্রশ্নের মুখে পঠনপাঠন
