সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে কুশারঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। ফলে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যানচালক ও পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকেরা। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন।স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর জল জমে থাকায় প্রতিনিয়ত ছোট-বড় যানবাহন বিকল হয়ে পড়ছে। বিষয়টি একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এর জেরে কুশারঘাট বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদেরও চরম সমস্যায় পড়তে হচ্ছে।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের ডি সি এম পবিত্র দাস। তবে উপস্থিত হয়েও তাৎক্ষণিকভাবে সমস্যার কোনও সমাধান করতে পারেননি তিনি। স্থানীয়দের দাবি, দ্রুত জল নিষ্কাশনের জন্য পাইপ বসানোর ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে পাম্প মেশিনের মাধ্যমে রাস্তার জল সরানোর উদ্যোগ নেওয়ার দাবিও তোলা হয়।প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী স্থায়ী সমাধানের দাবিতে সরব। এখন দেখার বিষয়, কুশারঘাট এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর করতে প্রশাসন কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
জলমগ্ন রাস্তায় নাজেহাল জনজীবন, কুশারঘাটে পথ অবরোধে যানচালক ও স্থানীয়রা
