উদয়পুর: জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনও ধরনের আপস নয়—এই কঠোর বার্তা দিয়ে বুধবার গোমতী জেলার উদয়পুর মহকুমায় বিশেষ যৌথ অভিযান চালাল প্রশাসন। স্বাস্থ্য দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকদের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে আকস্মিক পরিদর্শন করা হয়।জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মার নেতৃত্বে সেন্ট্রাল রোড, ব্রহ্মাবাড়ি-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরিদর্শনের সময় দোকান ও হোটেলের রান্নাঘর, খাদ্য তৈরির স্থান, ফ্রিজ, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা এবং ব্যবহৃত কাঁচামাল খতিয়ে দেখেন আধিকারিকরা।অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে আসে। কিছু প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, পুরনো খাদ্যসামগ্রী মজুত এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি নজরে আসে। কয়েকটি প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে অস্বাস্থ্যকর অবস্থায় রাখা মিষ্টি, ছানা, দই-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। নিম্নমানের বা ক্ষতিকারক মশলা ব্যবহারের অভিযোগও উঠে আসে।অভিযান চলাকালীন ব্যবসায়ীদের খাদ্য সুরক্ষা বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করেন প্রশাসনের আধিকারিকরা। জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. শুভেন্দু দেববর্মা জানান, মানুষের স্বাস্থ্য ও জীবন প্রশাসনের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ম মেনে ব্যবসা করলে প্রশাসন ব্যবসায়ীদের পাশে থাকবে, তবে খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন কোনওভাবেই বরদাস্ত করা হবে না।তিনি জানান, অভিযানে অনিয়ম ধরা পড়া বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতিমধ্যে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনেও উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন।উৎসবের মরশুমে মিষ্টি ও প্রস্তুত খাবারের চাহিদা বাড়ায় প্রশাসনের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে। তাঁদের দাবি, শুধু উৎসবের মরশুমে নয়, সারা বছরই মিষ্টির দোকান, হোটেল ও অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি চালানো হোক। এতে ভেজাল ও নিম্নমানের খাদ্যসামগ্রীর ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
উদয়পুরে মিষ্টির দোকান-হোটেলে প্রশাসনের অভিযান, অনিয়মে ৫০ হাজার টাকা জরিমানা
