Headlines

গাড়ির গোপন চেম্বারে ১৯৫ কেজি গাঁজা! ধর্মনগরে চালক-সহচালক আটক

ধর্মনগর, ৭ অক্টোবর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকা চেকিং চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। বুধবার বিকেলে আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে একটি চারচাকা মালবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মার নেতৃত্বে পুলিশ ও টিএসআর জওয়ানরা আনন্দবাজার এলাকায় নাকা চেকিং চালাচ্ছিলেন। সেই সময় আগরতলা থেকে ধর্মনগরের দিকে আসা TR01BC1518 নম্বরের একটি মালবাহী গাড়িকে সন্দেহ হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় গাড়ির ভিতরে থাকা কালো প্লাস্টিকের ট্রেগুলোর নিচে একটি বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পান পুলিশকর্মীরা। সেই চেম্বার খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা। পুলিশের দাবি, মোট ২০টি বান্ডিলে গাঁজা অত্যন্ত কৌশলে গাড়ির গোপন কক্ষের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।আটক ব্যক্তিরা হলেন আগরতলার রামনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে জোলাল উদ্দিন এবং বর্ডার গোল চক্কর এলাকার মুখলেস মিয়ার ছেলে মমিন মিয়া।পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা। কোথা থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।উদ্ধার হওয়া গাঁজা ও আটক দুই ব্যক্তিকে নিয়ে ইতিমধ্যেই পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *