Headlines

অটোচালককে মারধরের অভিযোগে উত্তেজনা, লেফুঙ্গা থানায় ইলেকট্রিক অটোচালকদের ডেপুটেশন

মোহনপুর, ১২ জুলাই: আগরতলা–মোহনপুর জাতীয় সড়কে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে এক ইলেকট্রিক অটোচালককে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার লেফুঙ্গা থানায় ডেপুটেশন জমা দেন এলাকার ইলেকট্রিক অটোচালকরা।অভিযোগ, গত ৯ জুলাই দমদমিয়া এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ দেবনাথ নামে এক ইলেকট্রিক অটোচালককে কয়েকজন কমান্ডার গাড়ির চালক মারধর করেন। পরে তাঁকে রাধানগর মোটর স্ট্যান্ডে নিয়ে গিয়েও শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে অভিযোগ। এছাড়া তাঁর কাছ থেকে প্রায় ৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।এই ঘটনার পর থেকেই আগরতলা–মোহনপুর সড়ক এবং সংলগ্ন বিভিন্ন লিংক রোড এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে এলাকার ইলেকট্রিক অটোচালকরা লেফুঙ্গা থানায় ডেপুটেশন প্রদান করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কামালঘাট অটো রিকশা ইউনিয়নের সম্পাদক এবং আহত অটোচালক ইন্দ্রজিৎ দেবনাথ ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তারা দাবি করেন, ইলেকট্রিক অটোচালকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।এদিকে, স্থানীয়দের একাংশের দাবি, স্থানীয় বিজেপি নেতা তথা মোহনপুর ব্লক ভাইস চেয়ারম্যান সঞ্জিত দাসের অদূরদর্শিতার কারণেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে সঞ্জিত দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মামলা ও পাল্টা মামলার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে। বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *