মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের অন্তর্গত এসরাই শান্তিপাড়া এলাকায় সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর থেকে ১ নম্বর সিমনা বিধানসভার সোনাই যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি বড় অংশ। ফলে যাতায়াত নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ বালু উত্তোলন ও বালুর ঘাটের কারণেই নদীর গতিপথ ও পাড়ের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। এর জেরেই ধীরে ধীরে রাস্তার একটি বড় অংশ নদীগর্ভে চলে গেছে বলে দাবি তাঁদের।রাস্তা তলিয়ে যাওয়ায় দৈনন্দিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগের তীর প্রশাসনের ভূমিকা নিয়েও। এ বিষয়ে স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমা প্রশাসন এবং স্থানীয় ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।এলাকাবাসীর আরও দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করার পাশাপাশি দ্রুত রাস্তা নির্মাণ ও নদীর পাড় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা প্রশাসনের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।স্থানীয়দের বক্তব্য, দ্রুত রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।
অবৈধ বালুঘাটের জেরে সোনাই নদীতে তলিয়ে গেল রাস্তা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
