আগরতলা, ৮ আগস্ট: মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অভয়নগরে নেওয়া হল বিশেষ উদ্যোগ। অভয়নগর স্পোর্টস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এবং টিএনজিসিএল-এর যৌথ উদ্যোগে এলাকার ১৫০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।অভয়নগরস্থিত হিন্দি উচ্চতর বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বাড়িতে থেকেই সেলাইয়ের কাজ করে নিজেদের আয় বাড়ানোর পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তায় এগিয়ে আসার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিজিত প্রার্থী তথা সমাজসেবী পাপিয়া দত্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার সমাজসেবী পাপিয়া দত্তের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাপিয়া দত্ত এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।মেয়র আরও বলেন, সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা এবং সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নে কাজ করার ধারাবাহিকতা প্রশংসনীয়। মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগই তাঁকে এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।সেলাই মেশিন বিতরণকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও মহিলাদের স্বনির্ভর করে তুলতে এ ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।১৫০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার এই উদ্যোগ তাঁদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে বলে আশা উদ্যোক্তাদের।
অভয়নগরে ১৫০ মহিলার হাতে সেলাই মেশিন, স্বনির্ভরতার পথে নতুন দিশা
