বাগবাসা: প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ফের আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন বাগবাসা এলাকার হাইস্পিড টুকটুক চালকরা।জানা গেছে, গতকাল যাত্রী পরিষেবাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর হাইস্পিড টুকটুক চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তপন দাস নামে এক ব্যক্তি আহত হন। ঘটনার পর তাঁর পক্ষ থেকে মামলা করার উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত থানায় মামলা নথিভুক্ত না হওয়া এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করার অভিযোগ উঠেছে।এর প্রতিবাদেই আজ ফের জাতীয় সড়কে বসে অবরোধ শুরু করেন হাইস্পিড টুকটুক চালকরা। তাঁদের অভিযোগ, ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।খবর লেখা পর্যন্ত প্রশাসনের তরফে অবরোধকারীদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। ফলে অবরোধ অব্যাহত রয়েছে এবং জাতীয় সড়কে যান চলাচলে প্রভাব পড়েছে।অবরোধকারীদের দাবি, হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাবেন তাঁরা।
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বাগবাসায় জাতীয় সড়ক অবরোধ, অনড় হাইস্পিড টুকটুক চালকরা
