আগরতলা, ২৬ জুন: অম্বাবুচি উপলক্ষে আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়িতে পুজো দিতে এসে চুরির শিকার হওয়ার অভিযোগ তুললেন উজান অভয়নগর ও প্রতাপগড় এলাকার একাধিক মহিলা। তাঁদের দাবি, ভিড়ের সুযোগ নিয়ে চোরের দল গলার সোনার চেইন ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর উপস্থিত লোকজনের সহায়তায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেই তাঁদের দাবি।এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। তাঁদের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে ভক্তদের এ ধরনের দুর্ভোগের মুখে পড়তে না হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
