Headlines

আগরতলার জলাবদ্ধতা দূরীকরণে বড় উদ্যোগ, দু’দিনের ব্রেইনস্টর্মিং সেমিনার শুরু

আগরতলা, ১৬ জুলাই: রাজধানী আগরতলার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞা ভবনে শুরু হলো দু’দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার। রাজ্য সরকারের পূর্ত (PWD) দপ্তর এবং জলসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়”।সেমিনারের উদ্বোধন করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে, আগরতলা পুরনিগমের পুর কমিশনার সাজু বাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, নগর পরিকল্পনাবিদ, গবেষক, প্রকৌশলী ও নীতি নির্ধারকরা।দুই দিনব্যাপী এই সেমিনারে আগরতলা শহরের জলাবদ্ধতার মূল কারণ, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আধুনিক ও টেকসই নগর ড্রেনেজ ব্যবস্থার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নগর এলাকায় জলাবদ্ধতার সমস্যা আরও জটিল হয়ে উঠছে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানসম্মত পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।সংশ্লিষ্টদের মতে, এই সেমিনারে উঠে আসা সুপারিশ ও মতামত আগরতলার ভবিষ্যৎ নগর পরিকল্পনা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *