আগরতলা, ১১ জুলাই: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শনিবার আম্বেদকর পল্লিতে বনমহোৎসব কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী শ্রী সুকান্ত সরকার এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স কলেজের প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার শ্রী মৃণাল চক্রবর্তী। কর্মসূচির নেতৃত্ব দেন বর্তমান এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।এদিন এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা আম্বেদকর পল্লি এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগে স্থানীয় অভিভাবক ও গ্রামের শিশুরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে, যা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি সুকান্ত সরকার বলেন, বর্তমান যান্ত্রিক সভ্যতায় গাছই সমস্ত প্রাণের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান ভিত্তি। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সমাজের সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।অপরদিকে, সম্মানীয় অতিথি মৃণাল চক্রবর্তী পরিবেশের ভারসাম্য রক্ষা, খরা মোকাবিলা এবং ভূমিক্ষয় প্রতিরোধে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই বনমহোৎসব কর্মসূচি এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের আশা।
আম্বেদকর পল্লিতে উইমেন্স কলেজের বনমহোৎসব, বৃক্ষরোপণে পরিবেশ রক্ষার বার্তা
