নির্ভয়পুর টিএফডিপিসি (TFDPC)-র রাবার বাগানের ইনচার্জ দীপেন বণিকের বদলির খবরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছেন শ্রমিকরা। শুক্রবার ভোর থেকেই কাঠালিয়া ব্লকের নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাবার বাগানে বিক্ষোভে সামিল হন নারী-পুরুষ শ্রমিকরা।জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে গড়ে ওঠা এই রাবার বাগানে বর্তমানে প্রায় ৬০ জন শ্রমিক কর্মরত। ২০১৭ সাল থেকে বাগানের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন দীপেন বণিক। শ্রমিকদের দাবি, তার নেতৃত্বে শুধু নির্ভয়পুর নয়, ধনপুরের আরেকটি রাবার বাগানেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। শ্রমিকদের সঙ্গে তার সুসম্পর্ক এবং কর্মদক্ষতার কারণেই তিনি সকলের আস্থা অর্জন করেছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় দীপেন বণিকের বদলির নির্দেশের খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। নির্ভয়পুরের পাশাপাশি ধনপুরের শ্রমিকরাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।শ্রমিকদের সাফ বক্তব্য, বদলির নির্দেশ প্রত্যাহার বা স্থগিত না হওয়া পর্যন্ত বাগানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। পাশাপাশি কর্মবিরতিরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।শুক্রবার সকালে শ্রমিক সংগঠনের সভাপতি কৃষ্ণমিত্র এবং সম্পাদক রঞ্জিত দাস সংবাদমাধ্যমকে জানান, দীপেন বণিকের বদলির নির্দেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রধান ফটকের তালাও খোলা হবে না।এদিকে শ্রমিকদের এই আন্দোলনের জেরে বাগানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিকদের।
ইনচার্জের বদলির খবরে উত্তাল নির্ভয়পুরের রাবার বাগান, গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতির হুঁশিয়ারি শ্রমিকদের
