বিশালগড়: মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই অফিসটিলা নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি বিকল হয়ে পড়ায় প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণ ও দায়িত্বশীলতার ভূমিকা নিয়ে।জানা গেছে, প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টাউন হলটি কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার হাত ধরে উদ্বোধন করা হয়। শুক্রবার দুপুরে সেখানে ত্রিপুরা সরকারের উদ্যোগে রোড ট্রাফিক সচেতনতামূলক একটি শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, মহকুমা শাসক ভিঙ্কি সাহা, IG ALO মৌচাক ইকপার, জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মাসহ প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরাও অংশ নেন।তবে অনুষ্ঠানে এসে চরম অস্বস্তিতে পড়তে হয় পড়ুয়াদের। হলের বৈদ্যুতিক এসি কাজ না করায় গরমের মধ্যেই বৈদ্যুতিক পাখার সাহায্যে অনুষ্ঠান উপভোগ করতে হয় তাঁদের। অভিযোগ, উদ্বোধনের পর থেকেই টাউন হলটির রক্ষণাবেক্ষণে যথাযথ নজরদারি নেই। ফলে সদ্য নির্মিত এই গুরুত্বপূর্ণ সরকারি ভবনের বিভিন্ন পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে।এদিন অনুষ্ঠানে বেশ কয়েকটি চেয়ারও ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। এত বিপুল অর্থ ব্যয়ে নির্মিত একটি নতুন টাউন হলের এমন পরিস্থিতি কেন—তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট দপ্তর টাউন হলটির রক্ষণাবেক্ষণ ও বিকল এসিগুলি দ্রুত সচল করতে কী পদক্ষেপ গ্রহণ করে।
উদ্বোধনের কয়েক মাসেই বিকল টাউন হলের এসি, প্রশ্নে রক্ষণাবেক্ষণ
