Headlines

এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা! সোনামুড়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

সোনামুড়া, ৯ জুন: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে রাস্তা, আর তাতেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, স্কুলপড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ধলিয়াই থেকে ঠাকুরমুড়া যাওয়ার রাস্তার বেহাল দশা ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় রাস্তার উপর হাঁটুসমান জল জমে যায়। ফলে প্রতিদিনের যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। ধলিয়াই থেকে ঠাকুরমুড়া দোকান চৌমুহনী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার এই সমস্যায় দীর্ঘদিন ধরে নাকাল সাধারণ মানুষ।অভিযোগ আরও গুরুতর কারণ, সোনামুড়া নগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার পঙ্কজ ভৌমিকের বাড়ির সামনেই রাস্তার ওপর তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। অথচ এই পথ দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান। তবুও সমস্যার স্থায়ী সমাধানে কোনও দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি বাসিন্দাদের।সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে অক্সফোর্ড লিটেল বার্ডস একাডেমি-র ছাত্রছাত্রীরা। স্কুল সংলগ্ন মূল সড়কে হাঁটুসমান জল জমে থাকায় শিশুদের স্কুলে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ।এলাকাবাসীর বক্তব্য, প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। রাস্তার বেহাল অবস্থা ও জলাবদ্ধতার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বহুবার স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।দ্রুত রাস্তা সংস্কার, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং স্থায়ী জল নিষ্কাশনের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে তারা সতর্ক করেছেন, প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হবেন।সামান্য বৃষ্টিতেই যদি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে, তাহলে বর্ষার বাকি সময়ে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে— সেই আশঙ্কাই এখন সোনামুড়াবাসীর প্রধান উদ্বেগের কারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *