উত্তর ত্রিপুরার কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুন রানিবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় একটি অটো ই-রিকশায় থাকা চারজনকে সন্দেহজনক অবস্থায় আটক করে বিএসএফ। পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। তারা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।ধৃতদের মধ্যে সোহেল মিয়া নামে এক ব্যক্তি জানিয়েছেন, প্রায় তিন মাস আগে স্থানীয় কিছু ব্যক্তির সহায়তায় তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর পেচরথাল থানার অন্তর্গত শান্তিপুর এলাকায় অবস্থান করছিলেন। পরে অটোচালক মানিক রায়ের সহায়তায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে এসেছে।এই ঘটনায় কদমতলা থানায় অভিবাসন ও বিদেশী আইন, ২০২৫-এর ধারা ২১ ও ২৩(ক)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে।তদন্ত চলাকালীন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামগ্রীও জব্দ করা হয়েছে। পুলিশ মনে করছে, ঘটনার সঙ্গে আরও ব্যক্তি বা কোনও চক্র জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ধারা ২৪৯ সংযোজনের পাশাপাশি চার অভিযুক্তের তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে। আদালতের নির্দেশের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
কদমতলা সীমান্তে বড় সাফল্য! ৩ বাংলাদেশি ও ১ ভারতীয় গ্রেপ্তার, পুলিশ রিমান্ডের আবেদন
