আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে শেষ দিনে সরগরম হয়ে উঠল কল্যাণপুরের রাজনৈতিক পরিবেশ। কল্যাণপুর আর ডি ব্লক অফিসে বিজেপি ও তিপ্রা মথার এনডিএ জোটের প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন জোটের প্রার্থীরা। মিছিল ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ব্লক চত্বরসহ আশপাশের এলাকা কার্যত রাজনৈতিক উত্তাপে মুখর হয়ে ওঠে।মনোনয়ন দাখিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি বলেন, উভয় দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এনডিএ জোট গঠিত হয়েছে। আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেও দাবি করেন তিনি।পাশাপাশি বিভিন্ন আসনে বিরোধী দলগুলির প্রার্থী দেওয়াকেও স্বাগত জানান বিধায়ক। তাঁর মতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হয় এবং এলাকার উন্নয়নের পথ প্রশস্ত হয়।এদিনের কর্মসূচিতে বিজেপির মণ্ডল সভাপতি নিতাই বল, বিজেপি নেতৃত্ব সৌমেন গ্রুপ, তিপ্রা মথার পক্ষে গৌরব দেববর্মা, মনিহার দেববর্মাসহ দুই দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।সব মিলিয়ে, মনোনয়ন দাখিলের শেষ দিনে কল্যাণপুরে এনডিএ জোটের শক্তি প্রদর্শন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কল্যাণপুরে এনডিএ-র শক্তি প্রদর্শন, মিছিল করে জমা মনোনয়ন
