আগরতলা, ১২ জুলাই: পশ্চিম ত্রিপুরার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শনিবার গভীর রাতে একদল যুবকের তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং হামলার চেষ্টার অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করেছে।অভিযোগ অনুযায়ী, শনিবার রাত প্রায় ২টা নাগাদ কমলাসাগর বিধানসভার ছনখলা এলাকার শুভম মজুমদার-সহ কয়েকজন যুবক হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কর্তব্যরত এক মহিলা চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশোভন আচরণ, হুমকি এবং হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ আমতলী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুভম মজুমদার-সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনার পর হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয়দের দাবি, গত বছরও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তাই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।রোগী ও স্থানীয় বাসিন্দারা রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের কাছে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য বা পুলিশের আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশ্যে আসেনি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত নয়। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।
কাঞ্চনমালা হাসপাতালে মধ্যরাতে তাণ্ডব, চিকিৎসককে হুমকির অভিযোগে কয়েকজন আটক
