Headlines

কার্পেটে বসেই ক্লাস! উদয়পুরের হীরাপুর হাইস্কুলে পরিকাঠামো সংকট নিয়ে প্রশ্ন

উদয়পুর, ২২ জুলাই: গোমতী জেলার উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের কার্পেট পেতে মেঝেতে বসিয়ে পাঠদান করানোর অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিদ্যালয়ের পরিকাঠামো এবং শ্রেণিকক্ষের সংকট নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির ৩৩ জন ছাত্রছাত্রী মেঝেতে বসেই ক্লাস করছে। বিদ্যালয়ে মোট প্রায় ২০০ জন পড়ুয়া এবং ১০ জন শিক্ষক থাকলেও কয়েকটি শ্রেণিকক্ষ এদিন তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা নন্দী জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় বাধ্য হয়েই এই ব্যবস্থা চালু রাখা হয়েছে। তাঁর দাবি, বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হয়। সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা সংশ্লিষ্ট কক্ষে পাঠ গ্রহণ করে এবং ‘নিপুণ ত্রিপুরা’ কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী ছোটদের মেঝেতে বসিয়ে পড়ানো হয়। একই কক্ষে পরে ষষ্ঠ শ্রেণির ক্লাস হওয়ায় প্রতিদিন বেঞ্চ-টেবিল সরানো সম্ভব হয় না। ফলে গত প্রায় দুই বছর ধরে কার্পেটেই ষষ্ঠ শ্রেণির ক্লাস চলছে। অতিরিক্ত শ্রেণিকক্ষের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি বলে দাবি করেন তিনি।এদিকে, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান শিক্ষিকা।পরে গোমতী জেলার শিক্ষা অধিকর্তা সুবীর মজুমদার জানান, সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তাঁর দপ্তরের পক্ষ থেকে কোনও নির্দেশ জারি করা হয়নি। বিষয়টি জানার পর তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাঁর দাবি, আগামী কার্যদিবস থেকেই ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য পৃথক শ্রেণিকক্ষে পাঠদানের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *