রাজধানীর প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত আড়ালিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে এক অসুস্থ যুবক ও তাঁর মায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কিডনি রোগে আক্রান্ত রাজেশ সাহা দাবি করেছেন, চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে মায়ের কেনা জমি বিক্রি করতে গিয়ে জানতে পারেন, বহু বছর ধরে তাঁদের দখলে থাকা জমি ২০১৫ সালে বেআইনিভাবে অন্য এক ব্যক্তির নামে মিউটেশন করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, রাজেশের মা মিনতি রানী সাহা ১৯৯২ সালে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করেন। তবে পারিবারিক আর্থিক সংকট এবং স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন জমির মিউটেশন করানো সম্ভব হয়নি। এই সুযোগে এক প্রভাবশালী জমি দখলকারী চক্র জমিটি নিজেদের নামে মিউটেশন করিয়ে দখল করে নেয় বলে অভিযোগ পরিবারের।রাজেশ জানান, ২০২১ সালে গুরুতর অসুস্থ হওয়ার পর চিকিৎসার ব্যয় মেটাতে জমি বিক্রির উদ্যোগ নিলে বিষয়টি সামনে আসে। পরে তিনি এসডিএম সদর দপ্তরে তথ্য জানার অধিকার (আরটিআই) আইনের মাধ্যমে আবেদন করেন। তাঁর দাবি, আরটিআই-এর মাধ্যমে প্রাপ্ত নথিতে জমির প্রকৃত মালিক হিসেবে তাঁর মায়ের নামই রয়েছে, যদিও বর্তমানে জমিটি অন্যের দখলে রয়েছে।মঙ্গলবার বিষয়টির সুরাহার লক্ষ্যে এলাকার প্রবীণদের নিয়ে জমি পরিদর্শনে গেলে তাঁর উপর হামলার অভিযোগও ওঠে। এই ঘটনায় কিডনি আক্রান্ত রাজেশ আহত হন বলে দাবি করেছেন তিনি। ঘটনার পর তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাঁদের একমাত্র সম্বল জমিটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন।রাজেশ সাহা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কিডনি রোগীর জমি দখলের অভিযোগ! আড়ালিয়ায় ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রাজেশ সাহা
