রাধানগর, ৮ জুন: ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ত্রিপুরার রাধানগরে একটি বিশেষ ক্যান্সার সচেতনতা কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। কাচার ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার এবং মেজর আশিষ কুমার রায় ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল— “ক্যান্সার পরিচর্যা কৌশলের কেন্দ্রবিন্দু কেন ক্যান্সার প্রতিরোধ”।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাচার ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিস্ট ডা. লিতিকা ভার্মানি এবং গবেষণা বিভাগের প্রধান ডা. রাজীব কুমার। তাঁরা ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ নির্ণয়, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবনধারা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।সচেতনতামূলক এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ক্যান্সারের ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় এবং দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য প্রয়োজনীয় জীবনযাপনের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন। পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগও পান উপস্থিতরা।আসাম রাইফেলসের এই উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ক্যান্সার প্রতিরোধেই জোর, ত্রিপুরায় আসাম রাইফেলসের সচেতনতামূলক কর্মসূচি
