সংবাদ প্রকাশের ইতিবাচক প্রভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল মান্দাই ব্লকে। মান্দাই ব্লকের অন্তর্গত লক্ষীপুর এডিসি ভিলেজের কণ্ঠমণি ঠাকুর পাড়ার বাসিন্দা রূপা দেববর্মা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সরকারি প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার মাত্র এক মাসের মধ্যেই তিনি প্রতিবন্ধী ভাতার সুবিধা পেয়েছেন।সরকারি সহায়তা হাতে পেয়ে রূপা দেববর্মা আনন্দ প্রকাশ করে সাংবাদিক, সংবাদ মাধ্যম এবং সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ভাতা তাঁর জীবনে বড় সহায়ক হিসেবে কাজ করবে।রূপা দেববর্মার স্বামী শায়ন দেববর্মাও সংবাদ মাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, চার সদস্যের পরিবার নিয়ে তাঁদের জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। বর্তমানে তাঁদের থাকার জন্য উপযুক্ত ঘরও নেই। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি বাড়ির সুবিধা পেলে পরিবারটি আরও উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, স্ত্রীর প্রতিবন্ধী ভাতা পাওয়ায় পরিবারের আর্থিক চাপ কিছুটা কমবে এবং সংসার চালাতে সুবিধা হবে। এজন্য তিনি সাংবাদিক, সংবাদ মাধ্যম ও সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।স্থানীয় মহলে এই ঘটনাকে সংবাদ মাধ্যমের সামাজিক দায়বদ্ধতা এবং প্রশাসনের ইতিবাচক উদ্যোগের একটি সফল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
খবর প্রকাশের এক মাসের মধ্যেই মিলল প্রতিবন্ধী ভাতা, কৃতজ্ঞতায় ভাসলেন মান্দাইয়ের রূপা দেববর্মা
