Headlines

১২ দফা দাবিতে সদর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন, আবাস থেকে স্বাস্থ্য পরিষেবা—উঠল একাধিক জনস্বার্থের দাবি

আগরতলা, ২ জুন : বিভিন্ন জনস্বার্থমূলক দাবিকে সামনে রেখে মঙ্গলবার সদর মহকুমা শাসকের নিকট ১২ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির সদর মহকুমা কমিটি।স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গরিব ও গৃহহীন পরিবারগুলিকে অবিলম্বে আবাসন সুবিধা প্রদান এবং আবাস নির্মাণের অনুদান ন্যূনতম ৫ লক্ষ টাকা করার দাবি জানানো হয়। পাশাপাশি লন্ডীজীবীদের জন্য সরকারি স্টল, সহজ শর্তে স্বল্পসুদে ঋণ এবং বিনামূল্যে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের দাবিও তোলা হয়।এছাড়া তপশিলি জাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি ও সময়মতো প্রদান, জাল তপশিলি কার্ড বাতিল, শহরের জলনিকাশী ব্যবস্থার উন্নয়ন, যানজট সমস্যা নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের দাবিও স্মারকলিপিতে স্থান পায়।সংগঠনটি ২০১৮ সালের পর রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়। পাশাপাশি গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল ও আইজিএম হাসপাতাল-সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন, বিশেষ করে রেডিওলজি বিভাগের পরিকাঠামো শক্তিশালী করার বিষয়েও জোর দেওয়া হয়।এছাড়া দ্রুত জাতভিত্তিক জনগণনা সম্পন্ন করা এবং ত্রিপুরায় আরও একটি লোকসভা আসন বৃদ্ধি করে তা তপশিলি জাতির জন্য সংরক্ষণের দাবিও স্মারকলিপিতে উত্থাপন করা হয়েছে।ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও জনকল্যাণমূলক বিষয় প্রশাসনের নজরে আনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *