টিপ্রা টেরিটোরিয়াল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে খুমুলং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিভিন্ন অবকাঠামোগত ও জনকল্যাণমূলক প্রকল্পের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, প্রশাসনিক প্রতিনিধিসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তারা।সূত্রের খবর, টিটিএএডিসি এলাকার রাস্তা, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি জনসাধারণের কাছে সরকারি পরিষেবার সুফল দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, টিটিএএডিসি এলাকার সামগ্রিক উন্নয়ন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।এই বৈঠককে টিটিএএডিসি অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পগুলির গতি বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
খুমুলংয়ে উন্নয়ন বৈঠক! টিটিএএডিসি এলাকার প্রকল্প অগ্রগতি খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
