খোয়াই জেলায় এক শিক্ষকের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের নাম Kartik Debnath (৪০)। তিনি পেশায় একজন শিক্ষক এবং তাঁর বাড়ি খোয়াই থানার পশ্চিম সোনাতলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে খোয়াই ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাজারে জাল নোট চালানো এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বুধবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খোয়াই জেলা গোয়েন্দা পুলিশ বাগান বাজার এলাকা থেকে তাঁকে আটক করে।তল্লাশি চালিয়ে প্রথমে তাঁর কাছ থেকে ৯ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম সোনাতলায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট এবং ৫৫টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবারই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোয়াইয়ে জাল নোট ও নেশার ট্যাবলেটসহ গ্রেফতার শিক্ষক, চাঞ্চল্য জেলায়
