খোয়াই, ৯ অক্টোবর: সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে খোয়াইয়ে দুটি সরকারি চিকিৎসাকেন্দ্রের পুনরায় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরান বাজার সরকারি আয়ুর্বেদিক ডিসপেনসারি এবং দুর্গানগরের কালীবাড়ি সংলগ্ন সরকারি হোমিওপ্যাথি ডিসপেনসারির পুনরায় উদ্বোধন করা হয়।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমীর কুমার দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব অনুকূল দাস ও সুব্রত মজুমদার, খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা এবং জেলা স্বাস্থ্য আধিকারিক পদ্মরাম জমাতিয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।দুটি চিকিৎসাকেন্দ্র পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা আরও সহজে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে স্থানীয় স্তরে বিকল্প চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে সুবিধা বাড়বে।
খোয়াইয়ে দুটি সরকারি চিকিৎসাকেন্দ্রের পুনরায় উদ্বোধন, উপকৃত হবেন সাধারণ মানুষ
