Headlines

খোয়াই শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি! দুই মুদি দোকান থেকে উধাও হাজার হাজার টাকার সিগারেট

খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দুই ব্যবসায়ীর মুদি দোকানে হানা দিয়ে চোরের দল প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার সিগারেট নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার বিবরণ অনুযায়ী, সুভাষ পার্ক এলাকার ব্যবসায়ী মনোরঞ্জন রায় এবং গৌরাঙ্গ রায়ের দোকানে গভীর রাতে চোরেরা দোকানের পেছনের বেড়া ও টিন কেটে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা বিপুল পরিমাণ সিগারেট নিয়ে পালিয়ে যায়। দোকানের মালিকরা জানান, প্রাথমিকভাবে প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকার সিগারেট খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও আরও কী কী সামগ্রী চুরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করে। উল্লেখ্য, এর আগেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।খোয়াই শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় বিস্মিত ও আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে খোয়াই মহকুমা এবং সংলগ্ন বিভিন্ন বাজার এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে।ব্যবসায়ীদের দাবি, পুলিশের পক্ষ থেকে রাতের টহলদারি আরও জোরদার করতে হবে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও নামতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *