মেলাঘর: গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর পথে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাড়ী পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার চিটকিনি ভেঙে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ইমান হোসেন। তবে কিছুটা দূরে যাওয়ার পর সিলিন্ডারটি পাশে রেখেই ঘুমিয়ে পড়ে সে।রাত সাড়ে তিনটা নাগাদ স্বপন ঘোষ ঘুম থেকে উঠে রান্নাঘর থেকে সিলিন্ডার উধাও দেখতে পান। খোঁজ করতে গিয়ে বাড়ির কিছুটা দূরে সিলিন্ডারের পাশে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান তিনি। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন এবং পরে মেলাঘর থানায় খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম ইমান হোসেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এর আগেও তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।তবে নেশার টাকা জোগাড় করতেই সে চুরির চেষ্টা করেছিল কি না এবং ঘটনাস্থলে ঘুমিয়ে পড়ার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখছে মেলাঘর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি তৈরি হয়েছে হাস্যরসেরও।
গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম! হাতেনাতে ধৃত চোর
