Headlines

গ্রাহকের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ! গোলাঘাটির ব্যাংক মিত্রের বিরুদ্ধে ক্ষোভ

গোলাঘাটি, ২৪ জুন: গ্রাহকের টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের ব্যাংক মিত্র তথা সিএসসি পরিচালিত ভিলেজ লেভেল এন্টারপ্রেনার (ভিএলই) সমরজিৎ সিংহার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে দক্ষিণ গোলাঘাটির দুই গ্রাহক তাদের পৃথক দুটি ব্যাংক অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জমা দেওয়ার জন্য সমরজিৎ সিংহার কাছে দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা পড়েনি বলে দাবি গ্রাহকদের।ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে নেটওয়ার্ক সমস্যার অজুহাত দেখানো হয়। পরে বিভিন্ন ধরনের তালবাহানা করে দিনের পর দিন, এমনকি মাসের পর মাস পার করে দেওয়া হয়। অবশেষে বাধ্য হয়ে তারা বিষয়টি গোলাঘাটি বাজার সমিতির নজরে আনেন।পরবর্তীতে বাজার সমিতির প্রতিনিধিরা গ্রাহকদের নিয়ে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে সমরজিৎ সিংহার বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।এদিকে স্থানীয় সূত্রে আরও অভিযোগ উঠেছে, সমরজিৎ সিংহা বিভিন্ন সময়ে সরল-সোজা গ্রামবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আয় শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট), পিআরটিসি-সহ বিভিন্ন নথি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যেগুলোর বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।অভিযোগ পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ ও সিএসসি কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর এলাকাবাসীর। অন্যদিকে, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ দ্রুত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *