বিশালগড়, ১৩ জুলাই: সিপাহীজলা জেলার চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় এক দম্পতির ওপর হামলা এবং স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গুরুতর আহত এক স্বাস্থ্যকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অভিযোগ অনুযায়ী, আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকার বাসিন্দা ও পেশায় স্বাস্থ্যকর্মী রাকেশ ভদ্র এবং তাঁর স্ত্রী দীপাঙ্কা গুহ রায় শনিবার রাত প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ চরিলাম বাজার স্ট্যান্ড এলাকায় গেলে একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়।অভিযোগ, হামলাকারীরা দম্পতিকে মারধর করার পাশাপাশি দীপাঙ্কা গুহ রায়ের গলায় থাকা স্বর্ণের চেইন এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলায় গুরুতর আহত রাকেশ ভদ্রকে দ্রুত হাঁপানিয়া হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর রাকেশ ভদ্র বিশালগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চরিলাম বাজারে দম্পতির ওপর হামলার অভিযোগ, স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই
