Headlines

চিকিৎসকের বদলি রুখতে পথে মানুষ, দুই ঘণ্টা অবরোধে আমবাসা-কমলপুর সড়ক!

আমবাসা: জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ এবার রাস্তায় নেমে প্রতিবাদে রূপ নিল। ধলাই জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথের বদলির প্রতিবাদে মঙ্গলবার সড়ক অবরোধে সামিল হলেন হাসপাতাল সংলগ্ন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। সকাল সাড়ে ১০টা নাগাদ আমবাসা-কমলপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই কর্মসূচি। পরে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।জানা গেছে, সম্প্রতি ধলাই জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকে গণ্ডাছড়ায় বদলি করা হয়েছে। এই খবর সামনে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁদের আশঙ্কা, একের পর এক বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হলে জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে। বিশেষ করে সাধারণ ও দরিদ্র রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সমস্যা আরও বাড়ার আশঙ্কা করছেন তাঁরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদিন আগেই হাসপাতাল থেকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেডিসিন বিশেষজ্ঞ গৌতম দেবনাথকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মতে, ধলাই জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক থাকা অত্যন্ত জরুরি। কারণ, জেলার বহু মানুষ উন্নত চিকিৎসার আশায় এই হাসপাতালের উপর নির্ভর করেন।এই উদ্বেগ থেকেই মঙ্গলবার সকাল থেকে প্রতিবাদে নামেন এলাকাবাসীরা। আমবাসা-কমলপুর সড়ক অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়। আন্দোলনকারীরা চিকিৎসকের বদলির সিদ্ধান্তের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বাস দেন। এরপর প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।তবে অবরোধ প্রত্যাহার হলেও হাসপাতাল থেকে পরপর বিশেষজ্ঞ চিকিৎসকদের বদলি নিয়ে বাসিন্দাদের উদ্বেগ কাটেনি। তাঁদের দাবি, জেলার মানুষের স্বার্থে ধলাই জেলা হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিশ্চিত করতে হবে। এখন দেখার বিষয়, এলাকাবাসীর এই প্রতিবাদের পর চিকিৎসক বদলি ও হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *