কলাছড়া বাজার থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। ঘটনায় দক্ষিণ জেলা পুলিশের দ্রুত তৎপরতায় স্বস্তি ফিরেছে অটো মালিকের মধ্যে।জানা গেছে, কলাছড়ার রামকৃষ্ণ পাড়ার বাসিন্দা নয়ন রায়ের ব্যাটারিচালিত অটোরিকশা TR 08 B 2180 সোমবার রাতে কলাছড়া বাজার থেকে চুরি হয়ে যায়। রাত পৌনে ৯টা নাগাদ তিনি মনুবাজার থানায় এ বিষয়ে অভিযোগ জানান।অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অটোরিকশাটির সন্ধানে তৎপর হয় মনুবাজার থানার পুলিশ। বিষয়টি দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণা, আইপিএসের নজরে আনা হলে তিনি জেলার সমস্ত থানাকে সতর্ক করেন।এরপর শুরু হয় জোরদার তল্লাশি। মাত্র এক ঘণ্টার মধ্যেই বিলোনীয়া থানার পুলিশ গাবুরছড়া বুদ্ধমন্দির সংলগ্ন এলাকা থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়।অভিযোগ পাওয়ার এত অল্প সময়ের মধ্যে অটোরিকশা উদ্ধার হওয়ায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। পুলিশ প্রশাসনের দ্রুত সমন্বয় ও তৎপরতার কারণেই এই সাফল্য এসেছে বলে জানা গেছে।
চুরির এক ঘণ্টাতেই অটো উদ্ধার! দক্ষিণ জেলায় পুলিশের তৎপরতায় বড় সাফল্য
