Headlines

ছাগল চুরি করে পালাতে গিয়ে অটো উল্টে বিপত্তি! নথিপত্র ফেলেই চম্পট দুই চোরের

আমতলী থানার শনিটিলা এলাকায় ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার পর অটোর ভিতরে চুরি হওয়া ছাগলসহ এক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ও বেশ কিছু নথিপত্র ফেলে দুই অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ।ঘটনাটি বুধবার দুপুরে আমতলী থানার অন্তর্গত শনিটিলা এলাকায়। জানা গেছে, গত কয়েক বছর ধরে কাঠালতলী ও আশপাশের এলাকায় একের পর এক ছাগল চুরির অভিযোগ উঠছে। তবে উপযুক্ত প্রমাণের অভাবে অভিযুক্তরা ধরা পড়ছে না বলে দাবি স্থানীয়দের।অভিযোগ, বুধবার দুপুরে কাঠালতলী এলাকার বাসিন্দা সজল মন্ডলের একটি ছাগল চুরি করে TR 01 G 2448 নম্বরের যাত্রীবাহী অটোয় করে পালাচ্ছিল দুই ব্যক্তি। বিষয়টি ছাগলের মালিকের নজরে আসতেই সজল মন্ডলসহ কয়েকজন বাইক নিয়ে অটোটিকে ধাওয়া করেন।ধাওয়ার একপর্যায়ে শনিটিলা এলাকায় একটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। সেই সুযোগে অটো এবং চুরি করা ছাগল ফেলে দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।এরপর সজল মন্ডল ও স্থানীয়রা অটোর ভিতরে তল্লাশি চালিয়ে চুরি হওয়া ছাগল উদ্ধার করেন। পাশাপাশি এক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সসহ বেশ কিছু নথিপত্র পাওয়া যায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া লাইসেন্সে রাজকুমার সাহা নাম রয়েছে এবং ঠিকানা আগরতলার প্রতাপগড় এলাকার।ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ছাগলের মালিক সজল মন্ডল আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হোক। পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় চলতে থাকা ছাগল চুরির ঘটনাগুলিরও তদন্ত করে চুরির আতঙ্ক থেকে সাধারণ মানুষকে মুক্ত করার দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *