কৈলাসহর, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং বিরোধী নেতা রাহুল গান্ধী-সহ একাধিক নেতাকে আটকের প্রতিবাদে বুধবার কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়।এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান-সহ দলের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা মিছিল করে কৈলাসহর থানার সামনে পৌঁছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং আন্দোলনরত ছাত্রদের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবি জানান।বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করে কেন্দ্র সরকার দমনমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। জেলা কংগ্রেসের পক্ষ থেকেও আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়।থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ছাত্র আন্দোলন ইস্যুতে কৈলাসহর থানা ঘেরাও কংগ্রেসের, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ
