মেলাঘর, ২ জুলাই: জলের ট্যাপ খুলে গৃহবধূকে বাইরে বের করে এনে ডাকাতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিপাহিজলা জেলার নলছড়ের মায়ারানী উত্তরপাড়ায়। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে একা থাকা গৃহবধূর বাড়ি থেকে প্রায় তিন ভরি সোনার গয়না, নগদ টাকা এবং একটি দামি DSLR ক্যামেরা লুট করে চম্পট দেয় দুর্বৃত্তরা।জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টা নাগাদ বাড়িতে একা ছিলেন অঞ্জলি রানী দেবনাথ। তাঁর স্বামী রতন দেবনাথ তখনও বাড়ি ফেরেননি এবং একমাত্র ছেলে অনুপম দেবনাথ কর্মসূত্রে চেন্নাইয়ে থাকেন। এই সুযোগেই বাড়ির বাইরে ওত পেতে থাকা ডাকাত দল প্রথমে দরজার গ্রিল নাড়াচাড়া করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি।এরপর দুর্বৃত্তরা বাড়ির পেছনের জলের ট্যাপ খুলে দেয়। জলের শব্দ শুনে অঞ্জলি দেবী মনে করেন, পাশের বাড়ির শিশুরা হয়তো দুষ্টুমি করে ট্যাপ খুলে দিয়েছে। জল বন্ধ করতে পেছনের দরজা খুলতেই অন্ধকার থেকে বেরিয়ে আসে দুই ডাকাত। অভিযোগ, তারা গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং ঘরের আলমারি ও লকার তছনছ করে।ডাকাতরা প্রায় তিন ভরি সোনার গয়না, নগদ টাকা এবং চেন্নাই প্রবাসী ছেলে অনুপম দেবনাথের ব্যবহৃত একটি DSLR ক্যামেরা লুট করে পালিয়ে যায়। ওই ক্যামেরা দিয়ে অনুপম বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে ছবি ও ভিডিও ধারণের কাজ করতেন।তবে পালানোর সময় তাড়াহুড়োয় এক ডাকাত তার জুতোজোড়া ঘটনাস্থলেই ফেলে যায়। খবর পেয়ে রাতেই মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুতোটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।শান্তিপূর্ণ এলাকায় সন্ধ্যার পর এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জলের ট্যাপ খুলে ফাঁদ! একা গৃহবধূকে জিম্মি করে সোনা-টাকা ও DSLR লুট
