বিশালগড়, নিজস্ব প্রতিনিধি: চুরির হাত থেকে রক্ষা পেল না ঠাকুরঘরও। উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়িতে শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চোর ঠাকুরঘরে ঢুকে মা লক্ষ্মীর ঘট ও প্রণামী বাক্স ভেঙে প্রায় ২০ হাজার টাকারও বেশি নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ঠাকুরঘরও তছনছ করে দেওয়া হয়।পরিবারের দাবি, হোটেল ব্যবসা থেকে প্রতিদিন ১০০ থেকে ৫০০ টাকা করে প্রণামীর জন্য জমিয়ে রাখা হতো। দীর্ঘদিন ধরে সঞ্চিত সেই অর্থই চুরি হয়েছে। গৃহিণী সম্পা দত্ত জানান, মা লক্ষ্মীর ঘটে ২০ হাজার টাকারও বেশি ছিল, যা সম্পূর্ণ নিয়ে গেছে চোর।স্থানীয়দের অভিযোগ, গত আড়াই বছর ধরে একই ব্যক্তি উত্তর চড়িলাম ও আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে চুরি চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা গেলেও এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির মালিক এক সন্দেহভাজনের নাম মৌখিকভাবে পুলিশকে জানালে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে ওই ব্যক্তি পালিয়ে যায় বলে অভিযোগ।এলাকাবাসীর আরও অভিযোগ, উত্তর চড়িলাম ও সংলগ্ন এলাকায় চুরি, নেশার কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে। এসব নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে নিয়মিত পুলিশ টহল বাড়ানো এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। এখন পুলিশের তদন্তে প্রকৃত অভিযুক্ত ধরা পড়ে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন চড়িলামের বাসিন্দারা।
ঠাকুরঘরেও চোরের তাণ্ডব! মা লক্ষ্মীর ঘট ভেঙে উধাও ২০ হাজার টাকা, ক্ষোভে ফুঁসছে চড়িলাম
