প্রায় তিন মাস পর সোমবার খুলে দেওয়া হলো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির-এর প্রনামী বাক্স ও সিন্দুকগুলি। সকাল থেকে শুরু হওয়া গণনার কাজ চলে সন্ধ্যা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৬টি সিন্দুক ও প্রনামী বাক্স খুলে বিপুল পরিমাণ অর্থ গণনা করেন প্রশাসনের বিশেষ দল।প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতীয় মুদ্রার পাশাপাশি উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও। এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, সৌদি আরব ও কুয়েতের দিনার, নেপালের মুদ্রা এবং বাংলাদেশের টাকা। এই ঘটনা প্রমাণ করছে যে, মাতাবাড়ি এখন শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যটক ও তীর্থযাত্রীদের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। মাঝেমধ্যে বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও কড়া নিরাপত্তার মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানান ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত অর্থ মন্দিরের সংস্কার, রক্ষণাবেক্ষণ, পূজা-পার্বণ এবং ভক্তদের উন্নত পরিষেবা প্রদানে ব্যয় করা হবে। এদিন বিশেষভাবে নজর কেড়েছেন সিআরপিএফ জওয়ান বুদ্ধদেব দাস, যিনি চাকরির প্রথম মাসের সম্পূর্ণ বেতন ৩৩,৩১০ টাকা মায়ের চরণে দান করেন।
তিন মাস পর খোলা মাতাবাড়ির প্রনামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও
