তেলিয়ামুড়া: সরকারি নির্দেশ অমান্য করে বারবার ইটের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সোমবার দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক। ঘটনাস্থলে থাকা বাঁশের বেড়া ভেঙে রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়।অভিযোগ, টিআরপিসি-র চেয়ারপার্সন পাতালকন্যা জমাতিয়ার লোকজন এর আগে দু’দফায় বেড়া অপসারণের পরও তৃতীয়বারের মতো সাধারণ মানুষের চলাচলের পথে বাঁশের বেড়া দিয়ে বাধা সৃষ্টি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ ও আধাসামরিক বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা শাসক। এরপর বেড়া সরিয়ে জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।ঘটনাস্থলে দাঁড়িয়ে মহকুমা শাসক জানান, BNSS-এর ১৬৬(৩) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জমি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে আগামী মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সার্ভেয়ারের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হবে।তিনি স্পষ্টভাবে জানান, যিনি জমির পাট্টা পেয়েছেন, তিনি তাঁর জমি পাবেন। পাশাপাশি সাধারণ মানুষের সরকারি রাস্তায় চলাচলও নিশ্চিত করা হবে। এ নিয়ে কোনও ধরনের গুজবে কান না দেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহকুমা শাসক।জমির অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের যাতায়াতের পথ নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
তৃতীয়বার বাঁশের বেড়া, এবার কড়া পদক্ষেপ প্রশাসনের!
