আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড বাস্তবায়নকে সামনে রেখে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনের একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগরতলার সোনারতরী গেস্ট হাউসে আয়োজিত এই কর্মশালায় মিজোরাম, মণিপুরসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে শ্রম আইন বিশেষজ্ঞরা অংশ নেন।রাজ্যের শ্রম দফতরের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নতুন শ্রমকোডের বিভিন্ন দিক, বাস্তব প্রয়োগ এবং প্রশাসনিক কার্যপ্রণালী সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালার মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রম আইন বাস্তবায়নে সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।রাজ্য শ্রম দফতরের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা নতুন শ্রমকোড সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করবেন। ফলে ভবিষ্যতে শ্রমিকদের স্বার্থরক্ষা, শ্রম আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধানে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।তিনি আরও বলেন, নতুন শ্রমকোড বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কর্মকর্তাদের দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ত্রিপুরায় প্রথমবার নতুন শ্রমকোড নিয়ে তিন দিনের কর্মশালা, কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
