খয়েরপুর, ২১ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজার সূচনা হলো খয়েরপুরের চৌদ্দ দেবতা মন্দিরে স্নানযাত্রার মধ্য দিয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে চৌদ্দ দেবতার পবিত্র স্নান সম্পন্ন হয়। এই স্নানযাত্রার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসবের প্রস্তুতি।আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী খার্চি পূজা ও ঐতিহ্যবাহী মেলা। প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা এলাকা থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।পূজা উপলক্ষে চৌদ্দ দেবতা মন্দির চত্বরে ইতিমধ্যেই শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জলসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আগামী সাত দিন ধরে মন্দির প্রাঙ্গণে বসবে বর্ণাঢ্য মেলা। ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও খার্চি পূজা রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে বলে মনে করছেন আয়োজকরা।
স্নানযাত্রার মধ্য দিয়ে সূচনা খার্চি পূজার, আগামীকাল থেকে শুরু সাত দিনের ঐতিহ্যবাহী উৎসব ও মেলা
