Headlines

দাতাল হাতির তাণ্ডবে আতঙ্কে ৭০ পরিবার! তেলিয়ামুড়ায় ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত গ্রামবাসী

তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ৭০টি পরিবারের সদস্যরা। সন্ধ্যা নামলেই শুরু হয় অনিশ্চয়তা, আর রাতভর ভয় নিয়ে পাহারা দিতে হচ্ছে নিজেদের ঘরবাড়ি।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্য হাতির উপদ্রব চললেও এখনও পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বনদপ্তর বিভিন্ন সময়ে কিছু পদক্ষেপ নিলেও তা সাময়িক স্বস্তি দিয়েছে মাত্র। বাস্তবে হাতির হানায় মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে।এলাকাবাসীর দাবি, বন্য হাতির আক্রমণে ইতিমধ্যেই বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিস্তীর্ণ কৃষিজমির ফসল নষ্ট হয়েছে এবং অতীতে একাধিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। ফলে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের।কৃষ্ণপুর ও আশপাশের অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু মাঠে ফলানো ধান, সবজি ও অন্যান্য ফসল বন্য হাতির হামলায় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এতে বহু কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অনেকেই চাষাবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন।ক্ষুব্ধ এলাকাবাসীর প্রশ্ন, আর কতদিন এভাবে আতঙ্কে জীবন কাটাতে হবে? মানুষের জীবন, সম্পদ ও জীবিকার সুরক্ষায় বনদপ্তর এবং প্রশাসনের দ্রুত ও স্থায়ী পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।এখন সকলের নজর প্রশাসনের দিকে—কবে এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কবে কৃষ্ণপুরের মানুষ ভয়মুক্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *