আগরতলা, ৮ জুন: দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না হওয়ার অভিযোগ তুলে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচির ডাক দিলেন আত্মসমর্পণকারী এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF)-এর সদস্যরা।সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএলএফটির সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, এটিটিএফ-এর সভাপতি কলেন্দ্র দেববর্মা, নেতা পরিমল দেববর্মা-সহ অন্যান্য সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, আত্মসমর্পণের পর পুনর্বাসন, আর্থিক সহায়তা, কর্মসংস্থান এবং অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হচ্ছেন তারা। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা।প্রতিনিধিরা জানান, তাদের ন্যায্য দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। এরই অংশ হিসেবে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা সরকারের কাছে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। একইসঙ্গে তারা জানান, ধর্মঘট কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালন করা হবে।এই ঘোষণার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
দাবি পূরণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা, ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক
