আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সোমবারের এই মর্মান্তিক ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।মুখ্যমন্ত্রী জানান, সোমবার সরকারি দপ্তরের শৌচালয় থেকে অনুরাগ ধ্যানকরকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব পুলিশ সদর দপ্তরে পৌঁছান। পরে দ্রুত তাঁকে আগরতলার এজিএমসি ও জিবি পন্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী বলেন, অনুরাগ ধ্যানকরের মৃত্যু রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ পুলিশ আধিকারিক হিসেবে তিনি দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর অকাল প্রয়াণে রাজ্যের প্রশাসনিক মহলে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের মানসিক শক্তি ও সাহস কামনা করেন।এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য জানা যাবে।
দিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুতে শোকস্তব্ধ ত্রিপুরা, গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার
